এমএফএস-এ সবচেয়ে কম লেনদেন সিলেটে, এগিয়ে রংপুর

১৩ ডিসেম্বর, ২০২৩ ১২:০৭  

বিকাশ, নগদ, রকেট ও উপায়ের মতো মোবাইল আর্থিক সেবায় (এমএফএস) দেশে বেশি লেনদেন করেন রংপুর এবং সবচেয়ে কম ব্যবহার করেন সিলেট বিভাগের মানুষ। অন্যদিকে শহরের চেয়ে গ্রামের মানুষ বেশি মোবাইল ব্যাংকিংয়ে বেশি অভ্যস্ত। গ্রামের প্রায় ২ কোটি ৯২ লাখ নারী-পুরুষ এ সেবা ব্যবহার করেন। আর শহরে মাত্র ১ কোটি ৬৮ লাখ মানুষ এ সেবা ব্যবহার করেন। বিভাগ হিসাবে রংপুরের প্রায় সাড়ে ৪৩ শতাংশ এবং রংপুরের প্রায় ৩০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মোবাইলে আর্থিক সেবা ব্যবহার করেন।

জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর চূড়ান্ত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএস জানিয়েছে, রংপুরের ৫৪ লাখ ৮০ হাজার ৩৭৩ জন নারী-পুরুষ মোবাইল ব্যাংকিং সুবিধা নেন, যা রংপুর বিভাগের মোট জনগোষ্ঠীর সাড়ে ৪৩ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম লেনদেন করেন সিলেট বিভাগের মানুষ। সেখানকার ২২ লাখ ৩৬ হাজার ৯৩৬ জন নারী-পুরুষ এই সুবিধা নেন, যা সিলেটের মোট জনগোষ্ঠীর প্রায় ৩০ শতাংশ।

বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, বিভাগওয়ারি হিসেবে এমএফএস ব্যবহারে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে ঢাকা। ঢাকা বিভাগের জেলাগুলোর ১ কোটি ৩৪ লাখ ৮ হাজার ৯৫৭ মানুষ এমএফএস সুবিধায় টাকা লেনদেন করেন। অর্থাৎ ঢাকার মোট জনগোষ্ঠীর সাড়ে ৪১ শতাংশ; খুলনা ও বরিশালে ৪১ শতাংশ, রাজশাহীতে ৩৯ শতাংশ, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ৩৫ শতাংশ নারী-পুরুষ মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করেন।

শুমারির আগের ১২ মাসের মধ্যে ১৫ বছরের বেশি বয়সী নারী-পুরুষদের মধ্যে যারাঅন্তত একবার লেনদেন করেছেন এই পরিসংখ্যানে তাদের তথ্য তুলে ধরেছে বিবিএস। সংস্থাটির হিসাব অনুযায়ী, সব মিলিয়ে সারা দেশে ৪ কোটি ৬১ লাখ ১৪ হাজার ৬৬৮ মানুষ মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লেনদেন করেন। এ সেবায় নারীর চেয়ে দ্বিগুণ গ্রাহক পুরুষ। পুরুষ গ্রাহকের সংখ্যা তিন কোটি।